মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় একটি মামলায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। এ সময় কিছু স্থানে জ্বালানি তেলের সংকট পরিলক্ষিত হলে সরবরাহ পাওয়ার সাথে সাথে তা বিক্রয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
একই সঙ্গে সাধারণ জনগণকে ধৈর্যের সঙ্গে জ্বালানি তেল সংগ্রহ করার এবং অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার জন্য অনুরোধ জানানো হয়। অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।