আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-1 (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (মিঠু) এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিস্তারিত দেখুন নজরুল ইসলামের প্রতিবেদনে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মাতাব উদ্দিনের বাংলো বাড়িতে এ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যুক্তরাজ্য প্রবাসী মাতাব উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাহতাব আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুর রহমান, চেয়ারম্যান রহমান অ্যান্ড সন্স ফাউন্ডেশন; এমএম রায়হান, জাতীয়তাবাদী মৌলভীবাজার জেলা মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি; মিছবাউল হক মিনু, নিউ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য; এবং জাহিদুল ইসলাম মামুন, সাবেক চেয়ারম্যান।
সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা যুক্তরাজ্য প্রবাসী মাতাব উদ্দিনের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।